বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবি, আটক ১
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দোহারের আওলিয়াবাদ এলাকায় বিয়েবাড়িতে চাঁদা নিতে এসে জনতার হাতে আটক হয়েছে নেপাল রাজবংশী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের শিশিরের মোড় এলাকায় বিমল চন্দ্র রাজবংশীর কন্যা এবং প্রতিবেশী বীরেন চন্দ্রের ছেলে জয় চন্দ্রের বিয়ের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ের অনুষ্ঠান চলাকালে এলাকার কয়েকজন চিহ্নিত মাদকাসক্ত ও বখাটে যুবক দলবল নিয়ে কনের বাড়িতে গিয়ে ১৬ হাজার টাকা চাঁদা দাবি করে। পরিস্থিতি শান্ত রাখতে কন্যার বাবা বিমল চন্দ্র রাজবংশী তাদের ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করেন।
এরপর একই চক্র বর পক্ষের প্রতিবেশী বীরেন চন্দ্রের বাড়িতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। একপর্যায়ে ওই চাঁদাবাজরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এগিয়ে এলে তর্ক-বিতর্কের একপর্যায়ে চাঁদাবাজদের গণধোলাই দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নেপাল রাজবংশী (আওলিয়াবাদ এলাকার বাসিন্দা) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
১০২ বার পড়া হয়েছে
